গঙ্গা পানি চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারত বর্তমানে যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়গুলো দেখছে।
প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুই দেশের নেতৃত্ব পর্যায়, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পানি আলোচকদের মধ্যে আন্তরিকতা থাকলে এর একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাওয়া সম্ভব। বিষয়টিতে ভারত সরকারও নজর রাখছে বলে তিনি উল্লেখ করেন। আমাদের অবস্থান থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। দুই দেশের মধ্যে যদি আন্তরিকতা থাকে—সিনিয়র অফিসিয়াল লেভেলে, লিডারশিপ বা নেতৃত্ব পর্যায়ে এবং ওয়াটার নেগোশিয়েটরদের মধ্যে, যারা দুই দিক থেকে কাজ করবেন।
হুমায়ুন কবির জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের নীতিগুলো মাথায় রেখেই কূটনীতি ও সংলাপের মাধ্যমে এই জটিলতা নিরসনে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে।
এক পর্যায়ে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকরা একই প্রশ্ন বারবার করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিছুটা বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টিতে আলোচনার প্রক্রিয়া চলছে এবং অব্যাহত থাকবে। এরপর আর কোনো প্রশ্ন না থাকায় তিনি মিটিংয়ে যোগ দিতে বিদায় নেন।
আকাশ নিউজ ডেস্ক 


















