অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি শেখ হাসিনার ভ্যানেটি ব্যাগে গ্রেনেড থাকার গল্প বানিয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তারেক জিয়া, খালেদা জিয়া ও বাবর বলেছিল শেখ হাসিনার ভ্যানেটি ব্যাগ থেকে ২৬টি গ্রেনেড বের করা হয়। এসব আজগুবি গল্প বানিয়ে তারা (বিএনপি) মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। তারা জজ মিয়া নাটক সাজিয়েও তারা ব্যর্থ হয়েছে।
শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-ধরখার-সেনারবাদি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মোগড়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছিল। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে বাংলাদেশের ৬১টি আদালতে বোমা হামলা হয়েছে। ওই হামলায় দুইজন বিচারককে হত্যা করা হয়।
আনিসুল হক বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পাকিস্তান থেকে গ্রেনেড আনা হয়। ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ৩৮জনকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে বলে ১৪ বছরে সেই হামলার সুষ্ঠু বিচার হয়েছে।
আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























