অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান দলটির শীর্ষস্থানীয় নেতারা। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হন। সিডনি বিমানতলে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, যেখানে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জামায়াতের আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান দলটির কয়েকজন শীর্ষ নেতা।
গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মধ্য দিয়ে তার এই অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল। সফরকালে তিনি সিডনি এবং অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আয়োজিত একাধিক সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। জামায়াত আমিরের সফরসঙ্গী প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
সফরের ধারাবাহিকতায় ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিনে বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাসে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং শিবিরের সাবেক নেতাদের আয়োজনে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি অংশগ্রহণ করেন। ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক একটি বড় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
সফরের শেষভাগে ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানান। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























