গণ–অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহ প্রকাশ করায় তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা দেখছেন না সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে কোনো কথা হবে না জানিয়ে তিনি বলেন, আলোচনা করতে হবে সরাসরি ভারত সরকারের সঙ্গে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং দিল্লি থেকে তাঁকে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
এই খবরের পর পরই সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়।
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান স্পষ্ট করেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাচ্ছেন আর বাংলাদেশ সরকারও তাঁকে প্রত্যর্পণ করার দাবি জানাচ্ছে। ফলে দুই দিক মিলিয়ে আইনি কোনো বাধা আর থাকছে না। তবে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী কীভাবে দেশে ফিরবেন, তিনি আকাশপথে আসবেন নাকি অন্য কোনো উপায়ে, সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে দিল্লির সঙ্গে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও এক ব্রিফিংয়ে মন্তব্য করেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের বলেন, তিনি কোনো সাধারণ যাত্রী হিসেবে ফিরবেন না, তাঁকে কেবল হাতকড়া পরিয়ে বা বিচারের মুখোমুখি করতেই দেশে আনা সম্ভব। তিনি অর্থ খরচ করে এসব খবর ছড়ানো হতে পারে বলেও ধারণা করেন এবং প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরিয়ে আনার সিদ্ধান্তের কথা জানান। কারও মনের ইচ্ছা হতে পারে, শয়নকক্ষে শুয়ে কেউ দুঃস্বপ্ন দেখতে পারেন, তিনি বিমানবন্দরে আসছেন, ট্রেনে চড়ছেন।
একই দিনে সাইবার নিরাপত্তা আইন নিয়ে কূটনীতিকদের বৈঠকের পর অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। শেখ হাসিনা দেশে পা রাখামাত্রই তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে বলে তিনি উল্লেখ করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফ করা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার নিরাপত্তা আইন (সংশোধিত) ২০২৬–এর খসড়া নিয়ে কূটনীতিকদের আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এ কথা বলেন।
শেখ হাসিনার বিমান পাঠানোর দাবিকে চরম ‘উন্মাদনা’ হিসেবে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির রাষ্ট্রীয় বিমান চাওয়ার এ ধরনের দাবি বিশ্বে নজিরবিহীন ও হাস্যাস্পদ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়নে সরকার ও ট্রাইব্যুনাল সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমিনুল ইসলাম বলেন, ‘এটি একটা হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, যে মুখপাত্র এই দাবি করেছেন, এটা তাঁর একটা উন্মাদনা ছাড়া আর কিছু নয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও এই প্রস্তাবের কড়া সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, একজন পলাতক আসামি কীভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠাতে পারেন। তাঁর মতে, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে অবিলম্বে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত ছিল, কারণ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনো রয়েছে। তা না করে বিদেশে বসে দেশে সহিংসতা ও অগ্নিসংযোগ উসকে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আকাশ নিউজ ডেস্ক 























