মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য এয়ারক্রাফট পাঠানোর আবদারকে নজিরবিহীন ঘটনা ও উন্মাদনা বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমন আবদার করার বিষয়টি নিয়ে তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার মতো ঘটনা পাগলামি বা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়।
এ সময় জিয়াউল আহসানের বিচার প্রক্রিয়া নিয়েও রাষ্ট্রপক্ষের অবস্থান স্পষ্ট করেন তিনি। চিফ প্রসিকিউটর উল্লেখ করেন যে, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। রাষ্ট্রপক্ষ তার অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করছে এবং এর পাশাপাশি তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনও জানিয়েছে।
তদন্তের বর্তমান অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে সংগঠনটির বিচারের জন্য প্রয়োজনীয় সব ধরনের তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























