নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলার সময় সামির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সামির হোসেনের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জামপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ আরও কয়েকজন তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দুই রাউন্ড গুলি ছোড়ে। যাওয়ার সময় তারা সামিরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। তবে ভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে নিজ বাড়িতে এসেছিলেন। বিষয়টি জানতে পেরে মৎস্যজীবী দল নেতা সামির হোসেন পুলিশকে খবর দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব শিকদার দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে ঘটনার বিষয়ে একটি স্ট্যাটাস দেন। মূলত এই ঘটনার প্রতিশোধ নিতেই সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সামির হোসেন জানান, তিনি অতীতে বিগত সরকারের শাসনামলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এখনও তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। তিনি জানান, এর আগেও একবার তার ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তায়েব শিকদার। তিনি উল্টো সামির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বলেন, ‘সামির নিজেই একজন সন্ত্রাসী এবং তার কাছে অবৈধ পিস্তল রয়েছে। আমাদের ফাঁসাতে এবং হয়রানি করার উদ্দেশ্যে সে নিজেই নিজের বাড়ি ভাঙচুর করেছে ও ফাঁকা গুলি ছুড়ে নাটক সাজিয়েছে।’
ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























