খাগড়াছড়িতে নিজের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। রোববার ভোর সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার কথা জানান।
সাদিক কায়েম জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে একদল সন্ত্রাসী তার খাগড়াছড়ির বাসভবনে পেট্রলবোমা ও কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা চালায়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশ ঘিরে পেট্রলবোমা ছোড়ে এবং দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন ধরানোর পরিকল্পনা করেছিল বলে তিনি অভিযোগ করেন। ওই পোস্টে সাদিক কায়েম বলেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
ডাকসু ভিপি বলেন, এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টার কারণে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি আরও মন্তব্য করেন যে, জনবিচ্ছিন্ন গোষ্ঠীগুলো জুলাই আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলা ও ভীতি প্রদর্শন করে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা মূলত প্রতিশোধ নিতে চাইছে। সাদিক কায়েম দৃঢ় কণ্ঠে বলেন, দেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না। এই অপশক্তির রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে।
আকাশ নিউজ ডেস্ক 
























