রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার থেকে শুরু হতে যাচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। সাত দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পণ্যের বাজার প্রসারের লক্ষ্য নিয়ে এই মেলাটি আয়োজন করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেলার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অপরিসীম। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের ৯৯ শতাংশ। এছাড়া শিল্প খাতের মোট জনবলের ৮৫ শতাংশই এই খাতে নিয়োজিত, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় তিন কোটি ৪০ লাখ মানুষের। বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান ৩০ শতাংশের কাছাকাছি।
মন্ত্রী আরও জানান, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে নীতি প্রণয়ন ও ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে উদ্যোক্তা উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের সহায়তা পেয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ, যার ৬০ শতাংশই নারী। এর সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণীত হয়।
এবারের মেলায় সারাদেশ থেকে চার শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালিত। প্রদর্শনীতে পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইসিটি ও জুয়েলারিসহ বিভিন্ন পণ্য থাকবে। এছাড়াও ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত পণ্যও এখানে স্থান পাবে। মেলায় কোনো প্রবেশ ফি নেই এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য খোলা থাকবে। মেলায় ৯ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই পুরস্কার-২০২৬ প্রদান করা হবে। অতীতে অনুষ্ঠিত ১২টি মেলায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়ে ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছিলেন। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শিল্পমন্ত্রী জানান, এরই মধ্যে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করে ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এবং প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির অর্ডার পেয়েছেন। এছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ পর্যন্ত ৭২ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দুজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা। তবে আপাতত বিদ্যমান ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই তাদের ঋণপ্রাপ্তির পথ সহজ করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে। দেশের জিডিপিতে এই খাতের অবদান আগামীতে ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক প্রতিষ্ঠার ধারণাটি বেশ সময়োপযোগী এবং এটি সরকারের বিবেচনায় রয়েছে। এছাড়া বর্তমানে বাংলাদেশ ব্যাংকের একটি কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারা ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাচ্ছেন, যেখানে ১০ লাখ টাকা অনুদান ও ১০ লাখ টাকা ঋণ হিসেবে থাকছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছাবে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের একটি কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারা ব্যবসায়িক ধারণা বাস্তবসম্মত ও ব্যাংকযোগ্য প্রমাণ করতে পারলে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান এবং এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণযোগ্যতা বাড়ানো এবং ব্যাংকঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আকাশ নিউজ ডেস্ক 
























