গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর মঙ্গলবার রাত থেকে থানাটির সব ধরনের দাপ্তরিক ও পুলিশি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার দুপুরে থানা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সেখানে দায়িত্ব পালনরত কোনো পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে না। থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাঙা কাচের টুকরা, পুড়ে যাওয়া আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত কক্ষগুলো ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরছে।
থানাটির বর্তমান পরিস্থিতি এবং কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একই দিনে বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনিও সাড়া দেননি।
বুধবার দুপুর ১২টার দিকে থানার প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ অবস্থায় পাওয়া যায়, যদিও তাতে কোনো তালা দেওয়া ছিল না। ভেতরে ওসির কক্ষটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব পড়ে থাকতে দেখা যায়। ডিউটি অফিসারের কক্ষে ভাঙা কম্পিউটার ও কাচ ছড়িয়ে আছে। এছাড়া হাজতখানার দরজা খোলা ও তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। পাশাপাশি উপপরিদর্শকদের (এসআই) কার্যালয় ও অন্যান্য কক্ষে থাকা বই, আসবাব ও কম্পিউটারগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই ধ্বংসাত্মক চিত্র দেখা গেছে। সেখানে পুলিশ সদস্যদের ব্যবহৃত তোশক, কম্বল, পোশাকসহ বিভিন্ন ব্যক্তিগত মালামাল এলোমেলোভাবে পড়ে রয়েছে। কয়েকজন পুলিশ সদস্যকে সাধারণ পোশাকে তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে দেখা যায়। বেলা তিনটার দিকে কয়েকজন পুলিশ সদস্য ভ্যানে করে দুটি ট্রাংক ও একটি পোড়া মোটরসাইকেল নিয়ে যেতে দেখা যায়।
পুলিশ সদস্যদের সূত্রে জানা গেছে, গতকালের হামলায় মোট ৯টি গাড়ি এবং ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী এক পুলিশ সদস্য জানান, গতকাল সন্ধ্যায় আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়লেও তা আর সামাল দেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশি তথ্য অনুযায়ী, এই হামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা জড়িত ছিল।
থানায় হামলার সময় বেশ কিছু সরকারি ও সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র বিক্ষোভকারীরা ছিনিয়ে নেয় বলে খবর পাওয়া গেছে। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, থানায় পুলিশের নিজস্ব অস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র ও অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্রও ছিল। তবে স্থানীয় কিছু মানুষের সহায়তায় ও পুলিশের তৎপরতায় এরই মধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো কিছু অস্ত্র নিখোঁজ রয়েছে, তবে গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব নয়।
আকাশ নিউজ ডেস্ক 
























