গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রত্যেককে ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে উত্থাপিত একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকগোষ্ঠী টুঙ্গিপাড়া থানায় হামলা চালানোর পাশাপাশি স্থানীয় একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে ভাংচুর চালিয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়ে স্থানীয় পর্যায়ে গ্রামে গ্রামে অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছেন।
নিরাপত্তার বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা চাচ্ছে আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। সাধারণ মিছিলে মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি চালাই। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার, জনগণ রাজপথে আন্দোলনকারীদের এভাবে প্রাণ হারাতে দেখতে চায় না।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিরীহ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অপরাধীদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগলেও কোনো নিরপরাধ মানুষ যেন গুলিতে প্রাণ না হারান, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রী স্পষ্ট করেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর ক্ষেত্রে আমরা কিছুদিন ধৈর্য ধরব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, তা নিশ্চিত করা হবে। আমরা কোনোভাবেই তাদের মতো মিছিল-মিটিংয়ে গুলির আশ্রয় নেব না।’
টুঙ্গিপাড়ার ঘটনা মোকাবিলায় সরকারের সক্ষমতা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই থানায় ২০০ জন সদস্যের পাশাপাশি দুইজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং একজন ওসি রয়েছেন। তিনি আরও জানান, সরকার চাইলে ওই বৈঠক থেকে হুকুম দিয়ে কঠোর ব্যবস্থা নিতে পারত, যার ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার আশঙ্কা ছিল। কিন্তু বর্তমান সরকার তা চায়নি। বর্তমানে ওই স্থান থেকে মাত্র চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশ সদস্যরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমরা যদি হুকুম দিতাম ওখানে এই বৈঠক থেকে বসে, তারা অনেক মানুষকে হতাহত করত, আমরা সেটা চাই না। চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি, পুলিশসহ সবাই অপেক্ষা করছে।’।
আকাশ নিউজ ডেস্ক 
























