বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা সরকার আর সহ্য করবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে আওয়ামী লীগের নামে যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মকাণ্ড আইনত নিষিদ্ধ এবং অবৈধ। এই সুযোগে যারা সহিংসতা ও নৃশংসতা চালাচ্ছে, তাদের ফৌজদারি অপরাধের দায়ভার বহন করতে হবে। গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘাত ও অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কাজের মাসুল অপরাধীদের দিতেই হবে। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও সেটা এই মুহূর্তে বেআইনি, সভা-সমাবেশ করলেও বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগ, বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা সরকারের সহ্য করার কোনো কারণ নেই। পলাতক আওয়ামী লীগের উসকানিতে নন-পলাতক আওয়ামী লীগ নিজেদের বিপদ ডেকে আনছে বলে উল্লেখ করেন তিনি। কারণ সমস্যাগুলোর সমাধান সরকারকেই করতে হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে তিনি বলেন, যৌথ বাহিনী ইতিমধ্যে অভিযান শুরু করেছে। পুলিশের বল প্রয়োগের অধিকার রয়েছে, তবে অতীতে পুলিশের কার্যক্রমে যে ভারসাম্যহীনতা ছিল, তা থেকে সরকার বেরিয়ে আসতে চায়। এখন থেকে পুলিশের বল প্রয়োগ হবে যৌক্তিক ও সুপরিমিত। যেসব অপরাধীর ছবি ও পরিচয় পাওয়া গেছে, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান। পুলিশের বল প্রয়োগে অসমতা ছিল; যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করা হতো।
পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরির প্রবণতা রয়েছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, যেখানেই এমন ঘটনা ঘটুক না কেন, তা সরকারকে সংকটে ফেলার একটি অপচেষ্টা। তবে সরকার এই বিষয়গুলোর ওপর সর্বোচ্চ নজরদারি রাখছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের সঙ্গে বহু মানুষ যুক্ত ছিলেন, যা স্বাভাবিক বিষয়। কিন্তু সরকারি দায়িত্বে নিয়োজিত থাকাকালীন কেউ যদি দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন, তবে সরকার তা কঠোরভাবে বিবেচনা করবে। জাহেদ উর রহমান আরও বলেন, সরকারের কাছে তথ্য সংগ্রহের পর্যাপ্ত কৌশল ও হাতিয়ার রয়েছে। তাই যারা প্রজাতন্ত্রের পোশাকে থেকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করছেন, তাদের প্রতিটি কর্মকাণ্ড সরকারের নজরে রয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা এতদিন যে সমালোচনা করছিলাম, সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না।
আকাশ নিউজ ডেস্ক 
























