ভিয়েতনামের ডং নাই শহরের লং থান এলাকায় গড়ে ওঠা নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরুর চূড়ান্ত প্রস্তুতি চলছে। ২০২৬ সালের ডিসেম্বর মাস থেকে এই বিমানবন্দরটিতে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশটির আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বিস্তৃত এই বিশাল প্রকল্পের মোট ব্যয় ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিন ধাপে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করা হয়েছে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি। নতুন এই হাবটি বছরে আড়াই কোটি যাত্রী এবং ১২ লাখ টন পণ্য পরিবহনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে।
ভিয়েতনাম এয়ারপোর্টস করপোরেশনের তথ্যানুসারে, প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি বেশ সন্তোষজনক। ১৬টি প্রধান নির্মাণ প্যাকেজের মধ্যে চারটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং উড়োজাহাজ পার্কিং এলাকার কাজ ৯৯ দশমিক ৫ শতাংশ শেষ হয়েছে, আর জ্বালানি সরবরাহ ব্যবস্থার কাজ শেষ হয়েছে ৯৮ দশমিক ১ শতাংশ পর্যায়ে। যাত্রী টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। বর্তমানে সেখানে ব্যাগেজ ব্যবস্থাপনা, উন্নত নিরাপত্তা স্ক্যানার এবং মুখ শনাক্তকরণ প্রযুক্তির মতো আধুনিক সরঞ্জাম স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে। এ কাজে দুই হাজারের বেশি কর্মী এবং ১৮৬টি নির্মাণ সরঞ্জাম সার্বক্ষণিক নিযুক্ত রয়েছে। আধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত প্রথম ধাপে বিমানবন্দরটি প্রতিদিন ২০ থেকে ৩০টি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এই সময় যাত্রী টার্মিনালের পশ্চিম ও কেন্দ্রীয় অংশে কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। আগামী ২৪ ডিসেম্বর কার্গো টার্মিনালের একটি অংশ অভ্যন্তরীণ পণ্য পরিবহনের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। এছাড়া ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী পর্যায়ে অর্থাৎ ২০২৭ সালের এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের পরিধি আরও বাড়ানো হবে। একই বছরের অক্টোবর থেকে বিমানবন্দরটি তার পূর্ণ সক্ষমতায় যাত্রী ও পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা পূরণ করবে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ স্বয়ংক্রিয় ব্যাগেজ ব্যবস্থাপনা সংবলিত এই বিমানবন্দরটি ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান আন্তর্জাতিক হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 






















