ইরানের দক্ষিণ উপকূলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। হরমোজগান প্রদেশের এই গুরুত্বপূর্ণ শহরটিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনার পর রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ‘শত্রুপক্ষের’ হামলার কথা জানানো হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এর আগে এলাকাটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাসনিম প্রথমে জানায়, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমের তথ্যানুযায়ী, ঘটনার কয়েক মিনিট আগেই বিস্ফোরণগুলো ঘটে। অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই (গভীর রাতে) হামলাটি হয়েছে।
সরকারি সূত্রগুলো এই হামলাকে সামরিক ধরনের বলে উল্লেখ করলেও এর পেছনে কারা জড়িত বা কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা কী পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়েও দেশটির পক্ষ থেকে কোনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি সামরিক ধরনের ছিল।
ঘটনার প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন রয়েছে। আধা-সরকারি সংস্থা তাসনিমের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের দায়ে কোনো জাহাজকে সতর্ক করতে গুলি ছোড়ার কারণে এই বিস্ফোরণগুলো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার ক্ষেত্রে ইরান কর্তৃপক্ষ ‘শত্রুপক্ষ’ শব্দবন্ধটি ব্যবহার করে থাকে, যা এবারের ঘটনার ক্ষেত্রেও পুনরুল্লেখ করা হয়েছে।
এই হামলার সংবাদের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বা হামলার উৎস শনাক্তে কোনো পক্ষই এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























