খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এসে হীরকের দোকানের পাশে থামেন। ওই সময় দোকানে বসে থাকা জাকির হোসেনকে লক্ষ্য করে তাদের একজন খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। খুলনার রূপসায় দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
গুরুতর আহতাবস্থায় জাকিরকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ইট-বালুর ব্যবসার পাশাপাশি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কার্যক্রম চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























