ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে ঘিরে নরসিংদী জেলা প্রশাসনের কার্যক্রমে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে ভূমি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের অন্তত ২২ জন কর্মকর্তা ও কর্মচারীর সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা মিলেছে। তালিকায় রয়েছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন, চারজন সাবেক জেলা প্রশাসক, ছয়জন সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং আটজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা।
তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে নরসিংদীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১ হাজার ৩৬ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রায় ৯০০ কোটি টাকার ক্ষতিপূরণের চেকে বড় ধরনের জালিয়াতি ও অনিয়মের অভিযোগ পর্যালোচনায় এসেছে। তবে সরকারি আর্থিক ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।
তদন্ত কমিটি চারজন সাবেক জেলা প্রশাসক—সৈয়দা ফারহানা কাউনাইন, আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান, ড. বদিউল আলম ও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর দায়িত্বকাল পর্যালোচনা করেছে। অধিগ্রহণের নোটিশ জারী, জমির শ্রেণি পরিবর্তন, যৌথ তদন্ত এবং ক্ষতিপূরণ প্রদানের মতো গুরুত্বপূর্ণ ধাপে প্রশাসনিক তদারকির চরম অভাব ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে। এই কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করতে আরও তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে।
তালিকায় থাকা ছয় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসানের বিরুদ্ধেও ত্রুটিপূর্ণ নথি তৈরির অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের সময়ের নথি অস্পষ্ট হওয়ায় তাদের ক্ষেত্রে আরও অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে। সাবেক এডিসি অঞ্জন দাশের বিরুদ্ধে প্রতিবেদককে উৎকোচ দিয়ে অনিয়মের সংবাদ ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রমাণ পাওয়া গেছে, যা অডিও রেকর্ডসহ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকির বিরুদ্ধে এলএ মামলার নথিপত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের দায়িত্বকাল অনুযায়ী আলাদা দায় নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনকে অন্যত্র বদলি করার পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের পরামর্শ দিলেও, প্রতিবেদন জমা দেওয়ার দুই মাস পরও কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত বছরের ৩০ এপ্রিল তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র পর্যালোচনা এবং সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে ৭০ পৃষ্ঠার এই প্রতিবেদন তৈরি করে গত ১৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তর কিংবা গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, এ দুর্নীতি নিয়ে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
আকাশ নিউজ ডেস্ক 
























