জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সরকার নিরাপত্তার অজুহাতে নাগরিকের বাকস্বাধীনতা খর্ব করার পক্ষে নয়। একই সঙ্গে, মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে মর্যাদাহানিকর বা উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ছড়ানোর সুযোগও দেওয়া হবে না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ (FSSS) আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যখন ক্ষমতাচ্যুত সরকার তাদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন এই বাংলাদেশে তোমারাই সত্যকে বাঁচিয়ে রেখেছিলে।
বিগত দশকের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আগের সরকার আইসিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) ও সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর বিধিবিধানকে ভিন্নমত দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। গুজব দমনের নাম করে সাংবাদিক, শিক্ষার্থী ও বিরোধী মতাবলম্বীদের কণ্ঠরোধ ও কারারুদ্ধ করার সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে সরকার অত্যন্ত সচেষ্ট ও প্রতিজ্ঞাবদ্ধ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের তরুণদের কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হিসেবে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং তাদের দায়িত্বশীল ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তাশক্তির অধিকারী হয়ে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরাই সেই প্রজন্ম যারা জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্রের নতুন পথ উন্মোচন করেছ। বিইউপির সাবেক শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করা সকলের স্মৃতির প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে তোমরাই পনেরো বছরের এক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলে। তোমরাই প্রমাণ করেছ যে, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না।
ডিজিটাল প্রযুক্তির সুবিধার পাশাপাশি সৃষ্ট ঝুঁকিগুলো সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, প্রযুক্তির সুবাদে এখন একটি মিথ্যা বার্তা নিমেষেই ঘৃণা, আতঙ্ক ও সহিংসতার জন্ম দিতে পারে। ভুল তথ্য এবং অপতথ্যের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও উভয়ই রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল সাক্ষরতা ও তথ্য যাচাইয়ের মানসিকতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে এ বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি মাত্র ক্লিকে লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করা সম্ভব; আবার একটি মাত্র মিথ্যা বার্তা আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি, এমনকি সহিংসতারও জন্ম দিতে পারে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, জনতথ্য এবং অর্থনৈতিক সুযোগের পরিধিকে প্রসারিত করার মাধ্যমে আমাদের সমাজব্যবস্থাকে আমূলে বদলে দিয়েছে। তিনি বলেন, এই সুযোগগুলোর পাশাপাশি প্রযুক্তি কিছু গুরুতর চ্যালেঞ্জও নিয়ে এসেছে। ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আমাদের সমাজ, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভুল তথ্য এবং অপতথ্যের পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, উভয়ই ব্যক্তি, সম্প্রদায় এবং রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই চ্যালেঞ্জগুলো বিশেষ মনোযোগের দাবি রাখে। প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল পরিমণ্ডলে বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে কীভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা যায় সেই প্রসঙ্গ সামনে এনে তিনি বলেন, আমাদ।
সাংবাদিক ও মিডিয়া হাউসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিকতা ও নিরপেক্ষতা বজায় রাখার নৈতিক দায়িত্ব গণমাধ্যমের। একইভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মিথ্যা তথ্য প্রতিরোধে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও তরুণ সমাজসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই এই ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্রের (OCPASS) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন। এ সময় বিইউপির উপাচার্য, উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















