কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’-এর সহায়তায় বর্তমানে দেশের বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। দীর্ঘমেয়াদি ও টেকসই এই ওয়াকফ প্রকল্পটি দেশজুড়ে দ্বীনি শিক্ষা প্রসারে একটি সফল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আওকাফ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে দেশজুড়ে মোট ১৭৬টি কোরআন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যেখানে দেড় হাজারেরও বেশি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা পাঠদান করছেন।
আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা জানান, আল-উতরুজা ওয়াকফ একটি অনন্য উদ্যোগ, যেখানে ওয়াকফকৃত সম্পদের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি অর্জিত আয় পবিত্র কোরআনের বহুমুখী সেবায় ব্যয় করা হয়। পাশাপাশি, এই ওয়াকফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেও যেকেউ এতে অবদান রাখতে পারেন।
এর মাধ্যমে কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর জন্য একটি স্থায়ী ও নিশ্চিত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে, যা প্রতিষ্ঠানগুলোর পরিধি বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। ২০২২ সালে এই ওয়াকফের নিজস্ব অর্থায়নে ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মাসিক আয় সরাসরি কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর পরিচালনা ব্যয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
কোরআন শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, আল-উতরুজার কেন্দ্রগুলোতে ৯ হাজার ১৩১ জন নারী শিক্ষার্থী অধ্যয়নরত। ড. আবু শুরাইদা বলেন, কোরআন শিক্ষার প্রতি নারীদের এই আগ্রহ কেবল দ্বীনি জ্ঞানই সমৃদ্ধ করছে না, বরং একটি আদর্শ পরিবার গঠন ও সামাজিক ঐতিহ্য সংরক্ষণেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করছে।
সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের জন্য আল-উতরুজা ওয়াকফে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। সাধারণ নাগরিক ও প্রবাসীরা ১ হাজার কাতারি রিয়াল বা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ অনুদান দিয়ে এই কল্যাণমূলক কাজে যুক্ত হতে পারেন। এ ছাড়া ওয়াকফের কার্যক্রম গতিশীল করতে আওকাফ অধিদপ্তর তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়াকফের অধীন ভাড়ার জন্য খালি থাকা সম্পদগুলো অনলাইনে খুঁজে দেখতে এবং আবেদন করতে পারবেন। ড. আবু শুরাইদা এই প্রকল্পের সঙ্গে জড়িত সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























