সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি অসাধু চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ভুয়া প্রলোভনে পড়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা অন্য কোনো মাধ্যমে কাউকে অর্থ প্রদান না করার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ পরিচালনার ক্ষেত্রে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কোনো অফিসিয়াল পেজ বা অ্যাকাউন্ট নেই। ভুয়া পেজ বা অ্যাকাউন্ট ব্যবহার করে যারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্যমতে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্ধারিত নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। তাই ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অর্থ দাবি করে, তবে তাদের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, দেশের প্রান্তিক পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচিটি চালু করে এবং গত ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়। দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এই কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যা একসঙ্গে বিতরণ করা হয়। কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলার উদ্যোক্তারা আবেদন করার সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতে গত ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬টি জেলার তরুণ উদ্যোক্তাদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। পরে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























