২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে ১২ নভেম্বর ২০২৬। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এই সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে।
দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজগুলোকে তাদের নিজস্ব লগইন প্যানেলে প্রবেশ করে শিক্ষার্থীদের তথ্য জমা দিতে হবে। এ জন্য কলেজগুলোকে তাদের স্ব স্ব ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। নির্ধারিত ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট থেকেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনসংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত সময়ের পর এই কাজের সুযোগ থাকবে না। পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে এর দায় শিক্ষা বোর্ড নেবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সঠিক তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























