শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সাথে পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশে ব্যাংকিং কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ থাকবে। সরকারি ছুটির এই তালিকা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির নোটিশ জারি করেছিল। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক দুই দিন ছুটি থাকায় টানা পাঁচদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে টানা এই বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে গত ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, ওই দিন সাধারণ কর্মদিবসের মতোই দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়েছে।
ছুটির দিনগুলোতেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংকের শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
এই নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, কাস্টমস কর্তৃপক্ষ এবং বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে করে দুর্গাপূজার দীর্ঘ ছুটিতেও দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে কোনো স্থবিরতা আসবে না বলে আশা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























