সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করার সুযোগ নেই। দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোর নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, এই করিডর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকার আগ্রহ থাকলেও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এই প্রক্রিয়ার পূর্বশর্ত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
চীনের এই উচ্চপদস্থ কর্মকর্তার সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, লিউ হাইশিংয়ের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরো গভীর ও গতিশীল হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























