প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সাথে মতবিনিময়ের সময় এই চুক্তি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড বিনিয়োগ, শিল্পায়ন এবং অবকাঠামো খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার পথ তৈরি করবে। মোংলাকে কেন্দ্র করে শিল্পায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে চীনা বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি। একইসাথে তিনি দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ জোর দেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ার এই লক্ষ্য অর্জনে চীনা বিনিয়োগকারীরা যেভাবে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া মধ্যপ্রাচ্যে কর্মরত চীনা বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে চীনা প্রতিনিধিদলের সহযোগিতার বিষয়টি স্মরণ করে তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। দিনটিকে বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 
























