২০২৬ সালের বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডস বিজয়ী হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। ১ নভেম্বর প্রকাশিত এই তালিকায় বিশ্বের সেরা এয়ারলাইনের মুকুট জিতেছে প্রতিষ্ঠানটি। এ বছর এয়ারলাইনস, বিমানবন্দর, হোটেলসহ ভ্রমণশিল্পের বিভিন্ন খাতের সেরাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এবারের আঞ্চলিক বিভাগগুলোর বিজয়ীরা নির্ধারিত হয়েছে পাঠকদের ভোটের মাধ্যমে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৮৫ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। অন্যদিকে, বৈশ্বিক বিভাগগুলোর সেরাদের বেছে নিতে কাজ করেছেন ভ্রমণশিল্পের অভিজ্ঞ এক প্যানেল। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এতে ৮৫ হাজারের বেশি ভোট জমা পড়ে।
সেরা এয়ারলাইনের তালিকায় সিঙ্গাপুরের পরেই রয়েছে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ক্যাথে প্যাসিফিক এবং তুর্কিশ এয়ারলাইনস। এয়ারলাইন হিসেবে শীর্ষ স্থান পাওয়ার পাশাপাশি সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা বিজনেস ক্লাস, সেরা কেবিন ক্রু এবং সেরা লয়্যালটি প্রোগ্রামের পুরস্কারও ঘরে তুলেছে। তাদের ক্রিসফ্লায়ার কর্মসূচি ব্রিটিশ এয়ারওয়েজের এক্সিকিউটিভ ক্লাব, ফ্লাইং ব্লু এবং মাইলস অ্যান্ড মোর-এর মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলতে সক্ষম হয়েছে।
কেবিন সেবার ক্ষেত্রে এমিরেটস তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তারা সেরা ফার্স্ট ক্লাস, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি ক্লাসের পুরস্কার জিতেছে। এছাড়া সেরা এয়ারলাইন ও কেবিন ক্রু বিভাগে এমিরেটস দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিমানবন্দর লাউঞ্জ বিভাগে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত কাতার এয়ারওয়েজের ‘আল সাফওয়া ফার্স্ট লাউঞ্জ’ বিশ্বের সেরা নির্বাচিত হয়েছে। এর পরের অবস্থানে আছে ক্যাথে প্যাসিফিকের দ্য পিয়ার ফার্স্ট ক্লাস লাউঞ্জ এবং এমিরেটসের ফার্স্ট ক্লাস লাউঞ্জ।
বিমানবন্দর বিভাগে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর আবারও বিশ্বের সেরা নির্বাচিত হয়েছে। শীর্ষ পাঁচের পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে হংকং, হামাদ, দুবাই এবং ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দর। হোটেল খাতে ফোর সিজনস হোটেলস অ্যান্ড রিসোর্টস সেরা বিলাসবহুল ব্র্যান্ড, এডিশন হোটেলস সেরা লাইফস্টাইল ব্র্যান্ড এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনাল সেরা ব্যবসায়িক হোটেল ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। এছাড়া সিক্সট গাড়ি ভাড়া প্রতিষ্ঠান হিসেবে এবং স্যামসোনাইট লাগেজ ব্র্যান্ড হিসেবে শীর্ষে রয়েছে। ভ্রমণ অ্যাপ হিসেবে পুরস্কার পেয়েছে বুকিং ডটকম। পুরস্কারের এই ফলাফল আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন খাতে আরাম, সেবার মান ও আধুনিক সুযোগ-সুবিধার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেছে। এবারের পুরস্কারের ফলাফলে আন্তর্জাতিক ভ্রমণশিল্পে যাত্রীসেবার মান, আরাম, যোগাযোগব্যবস্থা এবং সেবার মূল্যমানের গুরুত্ব উঠে এসেছে। বিশেষ করে ব্যবসায়িক ভ্রমণকারীদের কাছে উন্নত কেবিন সুবিধা, বিমানবন্দর লাউঞ্জ, মানসম্মত হোটেল এবং সহজে ভ্রমণ বুকিংয়ের সুযোগ যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা এই পুরস্কারের ফলাফলে স্পষ্ট হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















