আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই বিস্ফোরণের কিছু দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, সোয়াত জেলার একটি শহরে স্থানীয়দের অংশগ্রহণে একটি ‘শান্তি সমাবেশ’ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিক পর্যবেক্ষণে এটিকে আত্মঘাতী হামলা বলে মনে হলেও, সরকারের বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বিগত কয়েক মাস ধরে এলাকাটিতে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সোয়াতের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় উপজাতীয় পরিষদ ‘সোয়াত আমান জিরগা’ এই শান্তি সমাবেশের আয়োজন করেছিল। সমাবেশে অংশগ্রহণকারীরা এলাকায় শান্তি ফেরানোর দাবিতে নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করায়। বর্তমানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি কর্ডন করে ঘিরে রেখেছে এবং ঘটনা তদন্তে তল্লাশি চালাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 


















