আকাশ বিনোদন ডেস্ক :
একদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ওয়েব সিরিজ ‘অ্যানি’ দেশের দর্শকের জন্য মুক্তির অপেক্ষায়। অন্যদিকে প্রকাশ পেয়েছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এ নাজিফা তুষির প্রথম লুক। একই সময়ে দুটি ভিন্ন ঘরানার প্রজেক্ট নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পেতে যাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ওয়েব সিরিজ ‘অ্যানি’। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিরিজটি নিয়ে আইস্ক্রিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রযোজক এহসানুল হক, সহপ্রযোজক শিহাব নূরুন নবী ও তানভীর হোসেন। প্রযোজক এহসানুল হক জানান, খুব শিগগিরই সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের সামনে আসে ‘অ্যানি’। উৎসবে প্রশংসা পাওয়ার পর এবার বাংলাদেশের দর্শকদের জন্য সিরিজটি উন্মুক্ত করা হচ্ছে। প্রযোজক এহসানুল হকের ভাষ্য, গল্প বলার ধরন ও নির্মাণশৈলীর কারণে ‘অ্যানি’ দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা হয়ে উঠবে।
এই সিরিজের মাধ্যমে প্রথমবার আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় কাজ করেছেন নাজিফা তুষি। অভিনেত্রীর ভাষায়, আন্তর্জাতিক উৎসবের পর দেশের দর্শকের প্রতিক্রিয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা তো শেষ পর্যন্ত দেশের দর্শকদের জন্যই কাজ করি। দর্শক কীভাবে গ্রহণ করবেন, সেটাই দেখার অপেক্ষা।’
তুষি জানান, ‘রইদ’ সিনেমারও আগে অ্যানির শুটিং শেষ হয়েছিল। তাঁর কথায়, এটি আমার খুব প্রিয় একটি কাজ। এক্সপেরিমেন্টাল এই প্রজেক্ট আমাকে ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিয়েছে। হয়তো এটি সবার জন্য নয়, তবে যারা সাদের নির্মাণ ভাষার সঙ্গে পরিচিত, তারা কাজটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।
ডিস্টোপিয়ান ঘরানার অ্যানির গল্প আবর্তিত হয়েছে ছোট একটি শহরের নার্স অ্যানিকে ঘিরে। পাঁচ ভাইবোনকে মানুষ করার সংগ্রামের মধ্যেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে রহস্যময় এক রোগ। সেই রোগে আক্রান্ত পুরুষরা নারীদের প্রতি অস্বাভাবিক ঘৃণা ও সহিংস আচরণে উন্মত্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতির মধ্যেই এক মুখোশধারীর হামলার শিকার হয় অ্যানি। সেই ঘটনার পর তাঁর জীবন সম্পূর্ণ বদলে যায়।
এদিকে শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এ নাজিফা তুষির প্রথম লুক। সামাজিক মাধ্যমে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্থিরচিত্র শেয়ার করেন নির্মাতা। ছবিতে দেখা যায়, নদী চরিত্রে তুষি গভীর চিন্তায় নিমগ্ন। সামনে রাখা বই ও চায়ের কাপ, আর তাঁর স্থির দৃষ্টির মধ্যেই তৈরি হয়েছে রহস্যময় এক আবহ।
লুকটি প্রকাশ করে রাফী লেখেন, এটি কোনো অফিসিয়াল পোস্টার নয়, শুটিং চলাকালীন মনিটর থেকে নেওয়া একটি মুহূর্ত মাত্র। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘আন্ধার’-এ দর্শক নাজিফা তুষির সবচেয়ে মোহময় উপস্থিতি দেখতে পাবেন।
অন্যদিকে নিজের ফেসবুক পোস্টে নাজিফা তুষি জানান, প্রায় এক বছর ধরে এই চরিত্রটি নিয়ে নীরব ছিলেন তিনি। অবশেষে লুক প্রকাশ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “রায়হান রাফীকে ধন্যবাদ আমার লুকটা ‘লিক’ করে দেওয়ার জন্য। ‘আন্ধার’-এর নদী এখন পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে প্রিয় চরিত্র। চরিত্রটি আমাকে নানা ধরনের আবেগ নিয়ে কাজ করার সুযোগ দিয়েছে। ছিল ভীষণ চ্যালেঞ্জিং, আবার একই সঙ্গে দারুণ তৃপ্তিদায়ক।
তিনি আরও লেখেন, আমি যেমন এই চরিত্রে অভিনয় করে অসাধারণ সময় কাটিয়েছি, আশা করি বড় পর্দায় দর্শকদেরও ততটাই ভালো লাগবে।
অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে নির্মিত ‘আন্ধার’ প্রযোজনা করছে ২২১বি। সিনেমাটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, রেহান, আফসানা মিমি ও স্বর্ণালি চৈতী।
আকাশ নিউজ ডেস্ক 



















