আকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নার্সিং পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। বৈশ্বিক মহামারি ও নানামুখী স্বাস্থ্য সংকটে আমাদের নার্সরা যেভাবে ফ্রন্টলাইনার হিসাবে কাজ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের দক্ষ মানবসম্পদ, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের বিশ্বজুড়ে বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে। শনিবার সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর একটি অভিজাত হোটেলে নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হুমায়ুন কবির আরও বলেন, শিক্ষার্থীরা দেশ ও বিদেশের মাটিতে তাদের মেধা, যোগ্যতা ও মানবিকতা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণকে কেবল পেশাগত দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আর্তমানবতার সেবায় উজাড় করে দিতে হবে এবং রেড ক্রিসেন্টের যে সেবামূলক মূলনীতি, তা যেন তোমাদের কর্মজীবনে সব সময় প্রতিফলিত হয়।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম প্রমুখ বক্তব্য দেন।
আকাশ নিউজ ডেস্ক 


















