আকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি চীন সফরের প্রসঙ্গ তুলে স্বতন্ত্র সংসদ-সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওই সফরে চীনের কাছ থেকে বাংলাদেশ কোনো ঋণের আশ্বাস পেয়েছে কি না? যদি পেয়ে থাকে, তাহলে তার পরিমাণ কত এবং বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে কি না, সে বিষয়েও সরকারকে স্পষ্ট করার আহ্বান জানান।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদে অর্থবিলের সংশোধনীর উপরে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ এ সময় সভাপতিত্ব করেন।
রুমিন ফারহানা বলেন, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে না? তবে দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও উপেক্ষা করার সুযোগ নেই।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, আর আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
তবে শুধু ঘোষিত ঘাটতিই নয়, প্রতি বছরই রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, বাস্তবে তা অর্জন করা সম্ভব হয় না। ফলে প্রকৃত ঘাটতি আরও বেড়ে যায় এবং দেশকে দেশি-বিদেশি ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভর করতে হয়।
আকাশ নিউজ ডেস্ক 


















