আকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের বড় কোনো সার্টিফিকেট ছিল না। কিন্তু তাঁদের জ্ঞানের ভান্ডার ছিল সমৃদ্ধ। প্রকৃত শিক্ষা সেটাই, যা মানুষের ও দেশের কল্যাণে আসে। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু প্রাতিষ্ঠানিক সনদ যথেষ্ট নয়। শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষা এমন হওয়া উচিত, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগে।
অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে বাজে অবস্থায় পরিণত করেছে। পাশের হার বাড়ানোর জন্য তাদের কাছে ফেল বলতে কোনো শব্দ ছিল না। মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হতো না, গড় হারে সবাইকে পাস করানো হতো।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যে বিদেশে গেলে আমাদের অনেক শিক্ষার্থীর সার্টিফিকেট মূল্যায়ন করা হতো না। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর আমরা দেখেছি পাশের হার কমে এসেছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অংশ ভালো ফলাফল বা জিপিএ-৫ অর্জনের প্রতিযোগিতায় বেশি মনোযোগী। এতে মানবিক গুণাবলি ও দক্ষতা অর্জনের বিষয়টি অনেক ক্ষেত্রে আড়ালে পড়ে যাচ্ছে। শিক্ষা শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরসাদ রহমান সপু এবং তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সামিউল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
আকাশ নিউজ ডেস্ক 



















