আকাশ স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে সিরিজ শেষ। এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টিতে। একপাশে ফর্মে থাকা বাংলাদেশ, আরেক পাশে কিছুটা টালমাটাল অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই। বরাবরের মতই শক্তিশালী দল অজিরা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশও কম যাচ্ছে না। ঘরের মাঠে এই ফরম্যাটে বেশ ভালো ফর্মে আছে টাইগাররা। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ করেছে ১-১ ড্র। তবে এর আগে নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানোর ইতিহাস আছে বাংলাদেশের। এশিয়া কাপেও প্রায় ফাইনালে চলেই গিয়েছিল। যদিও পাকিস্তানের কাছে হেরে তা করা হয়নি।
বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা বরাবরের মতই পেস বোলিং ইউনিট। কিউই সিরিজে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা না থাকলেও এবার ফিরছেন সবাই। সাথে অভিষেকের অপেক্ষায় থাকা আবদুল গাফফার সাকলাইন হতে পারেন ট্রাম্পকার্ড। ফর্মে আছেন শরিফুল ইসলামও। এই পাঁচজনের মধ্যে কোন ৩ জনকে খেলানো হবে তা বড় এক চিন্তার ব্যাপার টাইগার টিম ম্যানেজমেন্টের জন্য। যদিও এই চিন্তা ভালো চিন্তাই। আপাতদৃষ্টিতে তাসকিন, মুস্তাফিজের সাথে তৃতীয় পেসার হিসেবে শরিফুল ইসলাম কিছুটা এগিয়ে। তবে নাহিদ রানাকেও ফেলে দেওয়ার সুযোগ নেই।
লিটন দাস কিছুটা চোটে ভুগছেন। সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ভাইরাল জ্বরে ভুগছেন পারভেজ হোসেন ইমনও। লিটন খেলতে না পারলে অধিনায়কের দায়িত্বে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। স্কোয়াডে ডাকা হয়েছে সৌম্য সরকারকেও। তবে লিটন ইমন দুজনই খেললে ৩ এবং ৪ নম্বরে থাকবেন দুজন। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে সাইফ হাসান খেলছেন প্রায় নিশ্চিত।
পাঁচে হৃদয়ের সাথে ছয়ে থাকবেন শামীম হোসেন পাটোয়ারী। ৩ পেসারের সাথে ২ স্পিনার হতে দৌড়ে এগিয়ে থাকবেন শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। বেঞ্চে থাকতে হতে পারে নাসুম আহমেদ। টাইগার পেস ইউনিটের সাথে স্পিন ইউনিটও দারুণ ছন্দে আছে। রিশাদ, মেহেদীরা ঘরের মাঠে দারুণ ধারাবাহিক। মেহেদী পাওয়ারপ্লের সাথে কার্যকরী ডেথেও। রিশাদের লেগ স্পিন সামলানোও কঠিন হবে।
অজি শিবিরে স্বস্তির বাতাস মিচেল মার্শের ফেরা, সাথে দলে আছেন টিম ডেভিডও। বিগ ব্যাশে রিশাদের সাথে হোবার্ট হারিকেন্সে খেলা নিখিল চৌধুরী আছেন অভিষেকের অপেক্ষায়। বিগ ব্যাশে হোবার্টের জার্সিতে দারুণ উজ্জ্বল ছিলেন নিখিল। অভিষেকটা হয়ে যেতেই পারে। পেস ইউনিটে জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, স্পেনসার জনসনরা কার্যকরী হতে পারেন চট্টলায়। লেগি অ্যাডাম জাম্পা তো থাকছেনই।
চট্টগ্রামের উইকেট বরাবরই রানপ্রসবা। এবারও সেরকম উইকেটই থাকার কথা। সেক্ষেত্রে আগে ব্যাট করলে বড় রান তোলা এবং পরে ব্যাট করলে বড় পুঁজি তাড়া করা – দুই কাজেই নিজেদের পারদর্শী করতে হবে বাংলাদেশকে। সর্বশেষ বেশ কিছু সিরিজে ব্যাটাররা ভালোই ঝলক দেখিয়েছেন। সেই ধারা অজি সিরিজেও ধরে রাখার পালা এবার।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা/শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া : মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (অধিনায়ক), কুপার কনোলি, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী/জোয়েল ডেভিস, টিম ডেভিড, অ্যারন হার্ডি, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, স্পেনসার জনসন, অ্যাডাম জাম্পা।
আকাশ নিউজ ডেস্ক 


















