আকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিছপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে মো. সেলু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে কবরস্থানে বেড়া নির্মাণকে কেন্দ্র করে আদিত্যপুর গ্রামের মর্তুজা মিয়ার ছেলে আক্তার মিয়া ও নাসির মিয়ার সঙ্গে আরিছপুর গ্রামের মিলন মিয়া, সারু মিয়া ও এখলাছ মিয়ার মধ্যে বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গত শুক্রবারও দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এরই জের ধরে সোমবার সন্ধ্যায় স্থানীয় ডুবাঐ বাজারে দুইপক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে মো. সেলু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে আদিত্যপুর ও আরিছপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুইপক্ষের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়ভাবে সালিশি উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে বাহুবল থানার এসআই সাদ্দাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















