আকাশ জাতীয় ডেস্ক:
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়নে পাঠ্যসূচি, শিক্ষাক্রম ও শিক্ষাপঞ্জি পরিবর্তনের ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার রাত ৮টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারের স্কাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি। সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, শুধু জিপিএ-৫ কেন্দ্রিক প্রথাগত শিক্ষা নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের মূল লক্ষ্য প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করা, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
তিনি আরও বলেন, আমাদেরকে বিভিন্ন দেশের শিক্ষা সম্পর্কিত মডেল অনুসরণ করতে হবে। যারা ইতোমধ্যে শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে তা হতে পারে চীন, মালয়েশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন উন্নত দেশের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. কাজী শাহাদাত কবির, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহা. শুহাদা ওসমান, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ, সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।
উল্লেখ্য, আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য। সভায় উপস্থিত সবার ঐকমত্যের ভিত্তিতে ড. মোহাম্মদ আব্দুল আজিজ সভাপতি এবং ড. এম. তুহিন মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. সেলিম আহমেদ, ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও ড. আফরোজা বুলবুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. একরাম উদ্দিন ও খালিদ হেলাল। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে গোলাম মর্তুজা এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে খোরশেদ আলী মন্ডল দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন সৈয়দুল হক সাদী (মিডিয়া ও যোগাযোগ), আব্দুল কাদের জিলানি (একাডেমিক ও গবেষণা), আসিফ জামিল শাহাদ (ক্যারিয়ার ও নিয়োগ) এবং ফরহাদ আহমেদ (দপ্তর সম্পাদক)।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ড. তাজিন আজিজ চৌধুরী, ড. জাকির হোসেন সেলিম, ড. মহিবুল্লাহ, ড. ইব্রাহিম খলিল, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং হাবিবুল্লাহ হাদী।
একই সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনসহ সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।এতে রয়েছেন- দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, প্রফেসর আতাউল হক প্রামাণিক, প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রফেসর ড. আবু বকর রফিক, প্রফেসর ড. এ বি এম মাহবুবুল ইসলাম এবং প্রফেসর ড. কাজী শাহাদাত কবির।
প্রধান নির্বাচন কমিশনার মো. সোলায়মান মিয়া এবং নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী শাহাদাত কবির ও প্রফেসর ড. মো. আব্দুল জলিল এই নতুন কমিটিকে অনুমোদন প্রদান করেন এবং সংগঠনেন উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আকাশ নিউজ ডেস্ক 


















