আকাশ জাতীয় ডেস্ক :
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ থেকে কাউকে বিরত থাকা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘কার পক্ষে ভোট দেবেন, তা প্রত্যেক ভোটারের নিজস্ব সিদ্ধান্ত। তবে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে।’
শনিবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। এ আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে না যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের মৌলিক অধিকার। ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামত প্রকাশ করে। ভোট না দিলে পরিবর্তন আসে না। ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতিই প্রমাণ করে, জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে ভোট না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু কেন্দ্রে গিয়ে ভোট দিন। ভোট শুধু অধিকার নয়, এটি গণতন্ত্রের বাস্তব প্রয়োগ।’
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দীর্ঘ সময় ভোট দিতে না পারার বেদনা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ঘুচিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















