আকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস ও শিল্প কারখানায় কর্মরত শ্রমিকরা নিয়ম ভেঙ্গে গভীর রাতে দলবেঁধে বাড়ি ফিরছেন।
প্রতিদিনই তাদের গভীর রাতে বাড়ি ফেরার ঘটনায় এলাকায় করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কোনোভাবেই রোখা যাচ্ছে না রাত গভীরে তাদের বাড়ি ফেরাদের।
সোমবার গভীর রাতে বনগ্রাম এলাকায় একটি পিকআপ ভর্তি মানুষ বাড়ি ফেরেন। এ সময় স্থানীয় লোকজন তাদের এত রাতে কোথা থেকে এসেছে জানতে চাইলে তারা সঠিক তথ্য না দিয়ে দ্রুত চলে যায়। তাদের ধারণা ঢাকা-নারায়ণগঞ্জে কর্মরত শ্রমিকগণ ওই এলাকা থেকে পালিয়ে বাড়ি চলে আসছে।
জানা গেছে, উপজেলার বনগ্রাম, মসূয়া বানিয়াগ্রাম, মুমুরদিয়া, আচমিতা, মধ্যপাড়া, করগাঁও এলাকার বহু নারী-পুরুষ ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস ও শিল্পকারখানায় কাজ করেন। ইদানিং ঢাকা-নারায়ণগঞ্জের বহু এলাকায় করোনাভাইরাস সংক্রমণের মাত্রা দিন দিন বেড়ে গেছে। ওই সব এলাকা লকডাউন করে দেয়ায় তারা দিনের বেলা স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারছে না।
ফলে উচ্চমূল্যে পিকআপ ভাড়া করে গভীর রাতে লকডাউন এলাকা থেকে পালিয়ে নিজ এলাকা কটিয়াদীসহ আশপাশের এলাকায় চলে আসছেন।
এ পর্যন্ত কটিয়াদী উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ কোনো রোগী না থাকলেও অবৈধভাবে বাড়ি ফেরা এ সব শ্রমিকের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা ভেবে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রিটন বলেন, সোমবার গভীর রাতে বনগ্রাম বাজারে নারী-পুরুষ ভর্তি একটি পিকআপ এসে থামলে বাজারের পাহারাদার সাহাব উদ্দিন ও মিজান আমাকে খবর দেয়। আমি বাজারে এসে তারা কোথা থেকে এসেছে জানতে চাইলে সঠিক তথ্য না দিয়ে বাজার ছেড়ে একটু সামনে কয়েকজনকে নামিয়ে অন্যদের নিয়ে গাড়িটি আবার দ্রুত সামনে চলে যায়। তাদের এভাবে বাড়ি ফেরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি।
কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আবদুস সোবহান বলেন, পিকআপে করে গভীর রাতে যাত্রী পরিবহন আমাদের চোখে পড়েনি। আমরা কঠোরভাবে মহাসড়ক নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তারপরও যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে নজরদারি আরও বাড়ানো হবে।
এ ধরনের ঘটনা আমাদের নজরে আসলে তাদের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, বিষয়টি আমি এখনই অবহিত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গভীর রাতে পিকআপে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















