আকাশ স্পোর্টস ডেস্ক:
আগেরদিন ৯৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে ইংলিশরা প্রথম ইনিংসে ৩০৭ রানের পুঁজি পায় জনি বেয়ারস্টোর পঞ্চম টেস্ট শতকের সুবাদে।
শনিবার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয়দিন আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছিল নিউজিল্যান্ড। স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে মাত্র ৩৬ রানে পাঁচ উইকেট হারিয়ে কাঁপছিল কিউইরা।
দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কার মধ্যে বুক চিতিয়ে লড়াই করে রেকর্ড জুটিতে স্বাগতিকদের মান বাঁচালেন বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোম। দু’জনের লড়াকু ফিফটিতে দ্বিতীয়দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছয় উইকেটে ১৯২ রান।
চার উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে এখনও ১৫৫ রানে পিছিয়ে কিউইরা। ইংল্যান্ড সুবিধাজনক অবস্থানে থাকলেও ওয়াটলিংয়ের দৃঢ়তায় লিডের আশা শেষ হয়ে যায়নি নিউজিল্যান্ডের। ওয়াটলিং ৭৭ ও টিম সাউদি ১৩ রানে ব্যাট করছেন।
কাল ব্রড ও অ্যান্ডারসন নতুন বলে আগুনে বোলিংয়ে কাঁপিয়ে দেন নিউজিল্যান্ডকে। অ্যান্ডারসন মেডেন দিয়ে শুরুর পর দ্বিতীয় ওভারে টম লাথামকে ফিরিয়ে দেন ব্রড।
পরে পরপর দুই ওভারে বিদায় করেন রস টেলর ও হেনরি নিকোলসকে। আগের ম্যাচে ক্যারিয়ারসেরা অপরাজিত ১৪৫ রান করা নিকোলস এবার রানের খাতাই খুলতে পারেননি।
অন্যদিকে জিত রাভালকে ফেরানোর পর কেন উইলিয়ামসনকে বিদায় করেন অ্যান্ডারসন। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু উইলিয়ামসন (২২)। ২০ ওভারের মধ্যে টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে দল যখন প্রবল চাপে, তখনই ত্রাতার ভূমিকায় এগিয়ে এসে গ্র্যান্ডহোমের সঙ্গে ১৪২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন ওয়াটলিং।
নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ষষ্ঠ উইকেটে এটাই সর্বোচ্চ জুটি। এর আগে ষষ্ঠ উইকেটে কিউইদের ১৪১ রানের রেকর্ড জুটিটি ছিল মার্টিন ক্রো ও অ্যাডাম প্যারোরের।
কাল সেই রেকর্ড ভাঙার পথে সহজাত আক্রমণাত্মক ব্যাটিং ভুলে অলরাউন্ডার গ্র্যান্ডহোম দারুণ সঙ্গ দেন ওয়াটলিংকে। বলের দিক থেকে নিজের সবচেয়ে বড় ইনিংস খেলা গ্র্যান্ডহোমকে বিদায় করে প্রতিরোধ ভাঙেন ব্রড।
নিউজিল্যান্ডের অলরাউন্ডার ১৫১ বলে সাত চারে করেন ৭২ রান। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয়ে যায় আগেভাগেই। তার আগে ব্যাটিংয়েও ঝলক দেখিয়েছেন বল হাতে সাফল্য পাওয়া সাউদি।
প্রথম ইনিংসে লিড পেতে ১৯৬ বলে ১০ চার ও এক ছক্কায় অপরাজিত ৭৭ রান করা ওয়াটলিংয়ের দিকে তাকিয়ে নিউজিল্যান্ড। ব্রড ৩৮ রানে নেন চার উইকেট। অ্যান্ডারসন ৪৩ রানে দুটি।
এর আগে আট উইকেটে ২৯০ রান নিয়ে দ্বিতীয়দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের ৩১ রানের জুটিকে ৪৮ পর্যন্ত নিয়ে যান বেয়ারস্টো ও জ্যাক লিচ।
১৬ রান করা লিচকে ফিরিয়ে ইংলিশদের প্রতিরোধ ভাঙেন সাউদি। তার আগেই সেঞ্চুরি পেয়ে যান ৯৭ রান নিয়ে দিন শুরু করা বেয়ারস্টো। তাকে ফিরিয়ে ৩০৭ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দেন বোল্ট।
১৭০ বল খেলা বেয়ারস্টোর ১০১ রানের ইনিংসে ১১টি চারের পাশে একটি ছক্কা। ৬২ রানে ছয় উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার সাউদি। বাঁ-হাতি পেসার বোল্ট চার উইকেট নেন ৮৭ রানে। এএফপি/ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস ৩০৭ (স্টোনম্যান ৩৫, রুট ৩৭, স্টোকস ২৫, বেয়ারস্টো ১০১, উড ৫২। বোল্ট ৪/৮৭, সাউদি ৬/৬২)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ১৯২/৬ (রাভাল ৫,
উইলিয়ামসন ২২, টেলর ২, ওয়াটলিং ৭৭*, গ্র্যান্ডহোম ৭২, সাউদি ১৩*। অ্যান্ডারসন ২/১৯, ব্রড ৪/১৬)
আকাশ নিউজ ডেস্ক 

























