এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার সুযোগ সৃষ্টির পরিকল্পনা করছে সরকার। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা জানান। গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা পরীক্ষা পাসের ব্যর্থতা, মানসিক চাপ এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সঞ্চালনায় এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, গবেষক ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চ্যালেঞ্জের মুখে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সম্মেলনে শিক্ষা উপদেষ্টা জানান, এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯ হাজার শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায়নি। এত সংখ্যক শিক্ষার্থীর দায় সরকার এড়িয়ে যেতে পারে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে কোনো শিক্ষার্থী ফলাফলের জন্য নিজেকে অবহেলিত মনে না করে এবং তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরি করা হয়। তিনি বলেন, প্রায় ৬ লাখ ৯ হাজার শিক্ষার্থীর প্রত্যাশিত ফলাফল না পাওয়ার পেছনে একক কোনো কারণ নেই।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব শিক্ষার্থীর তালিকা তৈরি করে তাদের আগ্রহ ও যোগ্যতা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ প্রদান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যুক্ত করা এবং ভালো ব্যবসায়িক ধারণা থাকলে প্রাথমিক অর্থায়নের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এ ছাড়া তিন থেকে ছয় মাসের মেয়াদে জাপানি, কোরীয়, চীনা কিংবা পূর্ব ইউরোপীয় দেশের ভাষা শিখিয়ে বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনাও রয়েছে সরকারের। বহুবিধ কারণে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালন এবং একইসাথে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন উপদেষ্টা। তাই তাদের জন্য সরকারের উদ্যোগও হতে হবে বহুমাত্রিক।
আকাশ নিউজ ডেস্ক 




















