আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড ও কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে তাকে এই পদে পুনর্নির্বাচিত করা হয়। আইসিসির পরিচালকদের পক্ষ থেকেই তার নাম প্রস্তাব করা হয়েছিল, যা তার নেতৃত্বের প্রতি বোর্ডের অবিচল আস্থারই প্রতিফলন। এর আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুনর্নির্বাচিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় জয় শাহ জানান, এই দায়িত্ব পালন করা তার জন্য একই সঙ্গে বড় সম্মান ও গুরুদায়িত্বের বিষয়। আইসিসি বোর্ড তার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য তিনি প্রত্যেক পরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তারের পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রেখে খেলাটির স্বার্থ সুরক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আইসিসির এক বিবৃতিতে জয় শাহ বলেন, আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।
সামনের দিনগুলোর কর্মপরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে জয় শাহ উল্লেখ করেন, আইসিসির লক্ষ্য কেবল সফল টুর্নামেন্ট আয়োজন নয়, বরং ক্রিকেটের একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা। তিনি খেলোয়াড়, সমর্থক এবং বাণিজ্যিক অংশীদারদের সহযোগিতায় দীর্ঘমেয়াদী অবদান রেখে যেতে আগ্রহী। ২০২৮ সালের লস অ্যানজেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে তিনি খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তার মতে, অলিম্পিকের এই মঞ্চটি নতুন দর্শকের কাছে ক্রিকেট পৌঁছে দেওয়ার এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার এক অনন্য সুযোগ। ২০২৮ সালের লস অ্যানজেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে আমাদের খেলা তুলে ধরার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে ধারাবাহিক নেতৃত্ব নিশ্চিত করবে এ সিদ্ধান্ত। বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার বাড়ানো, সমর্থকগোষ্ঠী সম্প্রসারণ এবং বাণিজ্যিক সাফল্য অর্জনের দিকে নজর দিচ্ছে আইসিসি।
মানুষকে একত্রিত করার ক্ষেত্রে ক্রিকেটের অসামান্য শক্তির ওপর জোর দিয়ে জয় শাহ বলেন, বড় ধরনের লক্ষ্যগুলো বাস্তবায়ন করাই তার প্রধান অগ্রাধিকার। তিনি সবসময়ই বিশ্বাস করেন যে, বিভিন্ন প্রান্তের মানুষকে এক সুতোয় বাঁধার সক্ষমতাই এই খেলার সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সার্বিক সহযোগিতায় তিনি এমন অগ্রগতি নিশ্চিত করতে চান, যা ভবিষ্যতে ক্রিকেটের ইতিহাসেও স্থায়ী স্থান করে নেবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে এই পদে পুনর্নিয়োগ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্রিকেট এখন ইতিহাসের এক রোমাঞ্চকর সময়ে প্রবেশ করেছে বলে তিনি মন্তব্য করেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে থেকে তিনি সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে খেলাটির সামগ্রিক উন্নয়ন এবং জনপ্রিয়তাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সফল আয়োজনের পাশাপাশি সমর্থক ও অংশীজনদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে একটি টেকসই কাঠামো গড়ে তোলাই এখন তার অন্যতম লক্ষ্য।
আকাশ নিউজ ডেস্ক 
























