বিদেশের মাটিতে বেড়ে ওঠা শিক্ষার্থীদের বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আড়ম্বপূর্ণ আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে ইতিহাসভিত্তিক আলোচনা, সৃজনশীল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি পুরো আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা।
সকালের পর্ব ও উদ্বোধনী কার্যক্রম
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয় সকালের পর্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির কোরআন থেকে তিলাওয়াত করেন। এরপর জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় মুখরিত হয় প্রাঙ্গণ এবং অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইন জাতীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং এর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। এছাড়াও প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও বিশেষ অতিথিদের অংশগ্রহণ
বেলা ১১টায় স্কুল মিলনায়তনে দ্বিতীয় পর্বের মূল আয়োজন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ এ কে এম আমিনুল হক, মো. মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রাশেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবু শামা এবং শিক্ষার্থী আফিয়া আনজুম ও রেজোয়ান।
৭ নভেম্বরের তাৎপর্য ও বিশ্লেষণ
বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সেই ঐতিহাসিক দিনটির ঘটনাপ্রবাহ ও সিপাহী-জনতার অভূতপূর্ব সম্মিলিত ভূমিকার ওপর আলোকপাত করেন। তাঁরা উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী-জনতার ওই বিপ্লব ইতিহাসের এক অনন্য অধ্যায়। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার পর দেশে এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়। পরবর্তীতে তাঁর নেতৃত্বের অধীনে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির যে ধারা সূচিত হয়েছিল, তা জাতীয় জীবনে এক আমূল পরিবর্তন আনে। বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্য, গভীর দেশপ্রেম এবং সংহতির এই বার্তা বর্তমান প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।
তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নির্মিত দুটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মাঝে দেশের ইতিহাসের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের অধ্যক্ষ। দিনব্যাপী অনুষ্ঠানের শেষভাগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। শিক্ষার্থীদের দলীয় সংগীত, নজরকাড়া নৃত্য ও গানে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ দিবসটি উপলক্ষে একটি স্বরচিত কবিতা পাঠ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিন। বিদেশের মাটিতে এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও জাতীয় চেতনার মূলে শেকড় সন্ধানী আগ্রহ সৃষ্টি করতে বিশেষ ভূমিকা রাখছে।
আকাশ নিউজ ডেস্ক 
























