দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল। মঙ্গলবার (১০ই নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। কয়েকদিন আগে সাজেককে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা, আমাদের চোখের সামনে। এ অবস্থায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে স্পষ্ট করা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদকে জানান, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। তিনি উল্লেখ করেন, আর্মি গল্ফ ক্লাব, পুলিশের এসবি সদর দপ্তর, বিভিন্ন থানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিনদিন এ ধরনের নাশকতায় দুজন আহত হয়েছেন। এর পাশাপাশি সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের মোকাবিলায় তরুণ সেনাসদস্যের প্রাণহানি এবং সাজেককেন্দ্রিক অস্থিতিশীলতা ও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে বারবার হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সরকারদলীয় কার্যালয় ও বিরোধী নেতাকর্মীদের ওপরও বিচ্ছিন্ন হামলার অভিযোগ তোলেন তিনি। সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।
পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ পর্যাপ্ত আইন প্রয়োগকারী বাহিনী থাকা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো তৎপরতা নেই। সংবিধান সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা আগ্রহী দেখা যায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ততটা মনোযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সংসদ সদস্যরা কীভাবে প্রকাশ্যে কর্মসূচি পালন করে বিদেশে ফিরে যাচ্ছেন এবং সরকারের উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্য কেন আসছে। সুনামগঞ্জের ঘটনায় উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তিনি আসামিকে রক্ষার চেষ্টা করছেন কি না তা স্পষ্ট করতে হবে। আবার দুইদিন পরে বলছেন, না, এটা অসম্ভব। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দৃশ্যমান।
সরকারের পক্ষ থেকে জাতীয় সংকটে বিরোধী দলকে সম্পৃক্ত করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা সহযোগিতা করতে আগ্রহী, তবে সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া হবে না। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দলীয় সদস্যদের ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার না হলেও জাতীয় সংকটের সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করেছিল। ওই ফোনের নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের নির্দেশ দেয়ার এখতিয়ার কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। আজকে একজনের মারা যাওয়ার খবর আমরা শুনেছি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদকে বলেন, গত সাত মাস ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা সতর্ক করে এলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাসে আগুন দেওয়া ও গুপ্ত হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সভাপতি এবং সমন্বয়ক হাসিব আল ইসলামকেও মৌলভীবাজারে হামলার শিকার হতে হয়েছে। বিএনপি অফিস ভাঙচুরসহ সামগ্রিক পরিস্থিতিতে সরকারের জবাবদিহিতা ও গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদে তারা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন, অন্তত একটি বিবৃতি দেবেন।
সংসদ ভবনস্থ বিরোধীদলীয় উপনেতার কক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকেও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় জাপানের সঙ্গে মাতারবাড়ি চুক্তি নিয়ে ধোঁয়াশা ও প্রকল্পের বিষয়বস্তু গোপন রাখার প্রতিবাদ জানানো হয়। মাতারবাড়িকে ঘিরে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্র এবং পোশাকশিল্প ধ্বংসের অপচেষ্টা চলছে বলেও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া গঙ্গা চুক্তি নবায়ন, সারের ডিলার নিয়োগে অনিয়ম ও জুলাই গণহত্যার বিচারে ধীরগতি নিয়ে ক্ষোভ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। পরিশেষে, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের ঠেকাতে ব্যর্থতার নিন্দা জানিয়ে অরাজকতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















