যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা বড় ধরনের সাফল্য পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে হোয়াইট হাউস। বুধবার (৪ নভেম্বর) তাদের দাপ্তরিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়। সেখানে ট্রাম্পকে নিজের দাপ্তরিক ডেস্কে ঝুঁকে থাকতে দেখা যায় এবং ছবির সঙ্গে বার্তা দেওয়া হয়, ‘জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। এর মাধ্যমে আইনসভা গঠনে রিপাবলিকানদের দীর্ঘ একক আধিপত্যের অবসান ঘটল। এর আগে উভয় কক্ষেই রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা ছিল। তবে নতুন করে ডেমোক্র্যাটদের প্রভাব বৃদ্ধিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতি ও আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনি ফল প্রকাশ্যে আসার পর এক প্রতিক্রিয়ায় বিরোধী প্রার্থীদের প্রচারণার প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের দলও কঠোর পরিশ্রম করেছে উল্লেখ করে তিনি জানান, ভোটারদের এই রায়কে তিনি নিজের কোনো ব্যক্তিগত পরাজয় বা নেতিবাচক বার্তা হিসেবে দেখছেন না। ট্রাম্প বলেন, প্রতিনিধি পরিষদে তিনি নিজে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে রিপাবলিকানরা আরও অনেক ভালো ফল অর্জন করতে পারত।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, জনগণ তার ইরানবিষয়ক বৈশ্বিক নীতিকে পূর্ণ সমর্থন জানিয়েছে। তবে জ্বালানির দাম বৃদ্ধির কারণে সৃষ্ট সাময়িক অর্থনৈতিক প্রভাব তারা হয়তো পুরোপুরি মেনে নিতে পারেনি। নির্বাচনোত্তর এ নতুন রাজনৈতিক পরিস্থিতিতে অভিবাসনসহ দেশ পরিচালনার বহুবিধ বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প।
আকাশ নিউজ ডেস্ক 























