আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে সরকার এবং বিরোধী দলকে একটা মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদকে মানি, তার প্রত্যেকটা দফাকেই সম্মান করি।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা শহরের উকিলপাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে অনুষ্ঠানে পার্থ আরও বলেন, আমি আগেও বলেছি, জুলাই সনদকে খুবই সম্মান করি, জুলাই সনদ ও সংবিধানকে সম্মান করব। আমরা আমদের মতো করে করব, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন। জুলাই সনদকে নিয়ে বিরোধী দল থেকে এটাকে নিয়ে শুধু শুধু একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যে আমরা এটা মানি না, মানব না বা প্রতারণা। আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক শক্তিশালী শব্দ, এখান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসা উচিত।
এর আগে মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এ সময় অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া নাজিউর রহমান মঞ্জুর পরিবারের সদস্যরা ছাড়াও ভোলা জেলা বিএনপি, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















