আকাশ জাতীয় ডেস্ক:
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের রাজস্ব যে অবস্থায় রেখে গেছে- এটি ভঙ্গুর একটি অর্থনীতি। এখানে অর্থনীতি বলতে কিছুই নেই, কোনো বাজেট নাই। এগুলো সবকিছু প্রধানমন্ত্রী তারেক রহমানকে ম্যানেজ করে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স বের করে ভর্তুকি দিতে হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাটহাজারীতে উপজেলা প্রশাসন আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংকটকালেও সরকারের সফল ব্যবস্থাপনায় বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে এমনটা জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধ চলাকালীন সংকটের মধ্যেও সরকার জ্বালানি ও বিদ্যুৎ ম্যানেজ করেছে। অথচ যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রতিটি দেশে ন্যূনতম ২০℅ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। তবে এখন পর্যন্ত সরকার এদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করায় সরকারের সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরমধ্যে গত দুই মাস সরকার জ্বালানি তেলের ওপর ভর্তুকি দিচ্ছে।
বাংলাদেশে যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, তা বর্তমানে আমাদের শিক্ষার্থীদের মধ্যে বইতে শুরু করেছে এমনটা দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভাবার যে চিন্তাধারা ও মননশীলতা রয়েছে তা মেলার স্টলগুলোতে শিক্ষার্থীদের প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে। এছাড়া মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দেশের জ্বালানি সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৃজনশীল ও টেকসই সমাধান উপস্থাপন করেছে তা তাদের চিন্তাভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির’ স্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন, ওসি মো. জাহিদুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রতিষ্ঠান প্রধানরা এবং রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদ এবং পুরস্কার তুলে দেওয়ার পরপর প্রতিমন্ত্রী আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া ১৫ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করেন।
এরপর প্রতিমন্ত্রী মীর হেলাল হাটহাজারীর ধলই এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মিত এইচবিবি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে দুইটি সড়ক এবং ছিপাতলী ইউনিয়নে সুন্দরী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও চিকনদণ্ডী ইউনিয়নে একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আকাশ নিউজ ডেস্ক 


















