আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
কুয়েতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের রাতের ড্রোন হামলায় ১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এতে চলমান আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়েছে। খবর সামা টিভির।
আলি আল সালেম বিমান ঘাঁটিতে এ হামলা করা হয়। ঘাঁটিটি ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আহতদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে আবার দায়িত্বে ফিরে গেছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক প্রতিনিধি জানান, ইরানকে ঘিরে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৩৭৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩৩০ জন আবার কাজে ফিরেছেন, তবে ৫ জনের অবস্থা এখনো গুরুতর।
আইআরজিসি’র একাধিক হামলার দাবি:
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, এটি তাদের সমন্বিত হামলার ৯৮তম ধাপ। তারা জানায়, এই হামলায় কুয়েতের ওই ঘাঁটির পাশাপাশি ইরাকের ক্যাম্প ভিক্টরি এবং ইসরাইলের বিভিন্ন শহরেও আঘাত হানা হয়েছে।
ইসরাইলের তেল আবিব, হাইফা, পেতাহ টিকভা এবং বিরসেবাতেও হামলার দাবি করেছে তারা।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, কুয়েতের ঘাঁটিতে বিমান লক্ষ্য করে হামলা করা হয়েছে, পেতাহ টিকভায় সেনাদের ওপর আঘাত হানা হয়েছে এবং বিরসেবায় কারখানায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে হেলিকপ্টার হ্যাঙ্গার ধ্বংসের কথাও বলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















