তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা আসার পর থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি জানিয়ে বুধবার সকাল থেকে হেমায়েতপুর এলাকায় তীব্র বিক্ষোভ শুরু করেন। সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই শ্রমিকরা বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে।
এর আগে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এক দীর্ঘ বৈঠকের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। তবে এই মজুরি কাঠামো প্রত্যাখান করে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সার্বিক অস্থিরতার কারণে শিল্পাঞ্চলে বর্তমানে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আরও অন্তত ১৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে মজুরি বোর্ড যেটা নির্ধারণ করেছে, তার খসড়া গেজেটও এখনো হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৯টার দিকে হেমায়েতপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে আসেন। তারা অন্য কারখানায় গিয়েও শ্রমিকদের কাজে বেরিয়ে আসার আহ্বান জানান। অনেক ক্ষেত্রে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ফটকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছেন। বাগবাড়ি মোড় এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সড়ক ছাড়ার আহ্বান জানালে তারা তা প্রত্যাখ্যান করে, যার ফলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের অন্যান্য সচল কারখানাগুলোতে গিয়ে সেখানকার শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার জন্য আহ্বান জানান এবং বের করে আনার চেষ্টা করেন। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সরকার ঘোষিত ১৭ হাজার টাকার মজুরি বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের তুলনায় প্রায় অর্ধেক। তবে তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, মজুরি বোর্ডের খসড়া গেজেট এখনো হয়নি এবং রিভিউ করার সুযোগ রয়েছে। তাই আন্দোলনের নামে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করে শান্তিপূর্ণভাবে কাজে ফেরার অনুরোধ জানান তিনি। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ শ্রমিকদের জীবন ধারণের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য নয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতির কারণে ৯টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই অবস্থান নিয়েছেন। তিনি আরও জানান, বাগবাড়ি মোড় ও হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে যাতে বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকানো সম্ভব হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























