অভিযানের নামে পরিচালিত ‘কিলিং মিশনে’ যাওয়ার সময় পছন্দের কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে যেতেন র্যাবের তৎকালীন কর্মকর্তা জিয়াউল আহসান। ঘটনাস্থলে এসব সাংবাদিকদের নেওয়ার যাবতীয় ব্যবস্থা করে দিতেন বাহিনীটির তৎকালীন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসানের সঙ্গে কমান্ডার সোহায়েলের এই ধরণের সংশ্লিষ্টতা এবং অভিযানে নির্দিষ্ট সাংবাদিকদের সঙ্গে রাখার বিবরণ উঠে এসেছে। চিফ প্রসিকিউটর জানান, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির, মেজর দেলোয়ার এবং মনিরুল হকের দেওয়া জবানবন্দি থেকে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক সাজিয়েছে। সাক্ষ্য অনুযায়ী, জিয়াউল আহসানের সহযোগী হিসেবে কমান্ডার সোহায়েল হোসেন সক্রিয় ভূমিকা পালন করতেন।
জবানবন্দির বরাতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান তার পছন্দের কয়েকজন সাংবাদিককে বোটে করে চরদোয়ানি বা অন্যান্য আভিযানিক এলাকায় নিয়ে যেতেন। সেখানে তাদের সামনে যেভাবে ঘটনা সাজিয়ে উপস্থাপন করা হতো, গণমাধ্যমে ঠিক সেভাবেই সংবাদ প্রকাশিত হতো। এর ফলে এসব অভিযানের পেছনের প্রকৃত ঘটনা ও সত্য সবসময় আড়ালেই থেকে যেত।
ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে সাবেক র্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী উল্লেখ করেন, বরিশাল অঞ্চলে র্যাবের বিভিন্ন অভিযানে জিয়াউল আহসান সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দিতেন। এসব অভিযানে তাঁর সঙ্গে তৎকালীন র্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল মুজিব, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল এবং আমন্ত্রিত নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক উপস্থিত থাকতেন।
সাক্ষীর ভাষ্য মতে, কমান্ডার সোহায়েলের বিশেষ আমন্ত্রণে ওই সাংবাদিকরা বরিশাল অঞ্চলে র্যাব-৮-এর অভিযানে অংশ নিতে যেতেন। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আভিযানিক দলের মূল অংশের পেছনে পৃথক একটি ট্রলারে রাখা হতো। পরবর্তীতে গোলাগুলি ও তল্লাশি শেষ হলে জিয়াউল আহসান ও সোহায়েল সাংবাদিকদের নিয়ে পুরো ঘটনাস্থল ঘুরে দেখাতেন।
মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর দাবি, ঘটনার পর সাংবাদিকদের সামনে বিষয়টি যেভাবে উপস্থাপন করা হতো, গণমাধ্যমেও সেই বয়ান প্রচারিত হতো। এর মাধ্যমে কথিত বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারের একটি সুনির্দিষ্ট গল্প জনসমক্ষে তৈরি করা হতো এবং প্রকৃত সত্য ধামাচাপা দেওয়া হতো। তিনি সুন্দরবন কেন্দ্রিক কয়েকটি অভিযানের উদাহরণ দিয়ে জানান, আগে থেকেই ধরে রাখা ব্যক্তিদের হত্যা করে পরে কথিত বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হতো, যার জন্য আগেই সেখানে গোয়েন্দা দল মোতায়েন করা থাকত।
এমনকি ২০১১ সালের নভেম্বর মাসে নিশানখালীতে পরিচালিত একটি অভিযানের কথা উল্লেখ করে ওই সাক্ষী জানান, গুলিবর্ষণের পর সেখান থেকে যেভাবে মৃতদেহ উদ্ধারের গল্প সাজানো হয়েছিল, বাস্তবতার সঙ্গে তার চরম অসংগতি ছিল। মূলত ঘটনার আগেই কয়েকটি মরদেহ সেখানে এনে সাজিয়ে রাখা হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 
























