কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তাঁকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে সোনিয়া গান্ধীকে তাঁর বইয়ের সংশ্লিষ্ট অংশগুলো সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নইলে আইনি দিক দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সাত্যকির পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহতকর এই নোটিশটি প্রদান করেছেন। নোটিশ অনুযায়ী, বইটির ২০১ এবং ৪৪৩ পৃষ্ঠায় সাভারকরকে নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে, তা তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর এবং মানহানিকর। আইনজীবীর দাবি, এই ধরনের মন্তব্য বীর সাভারকরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি তাঁর উত্তরাধিকারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সোনিয়া গান্ধীকে আরও বলা হয়েছে, যদি তিনি সত্যিই এমন মন্তব্য করে থাকেন এবং তাঁর কাছে এর সপক্ষে কোনো তথ্য-প্রমাণ থেকে থাকে, তবে তিনি যেন অবিলম্বে তা দাখিল করেন। সোনিয়া তাঁর মন্তব্যের সমর্থনে কোনো সূত্রের উপস্থাপনা করেননি।
এর আগে সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে সাত্যকি সাভারকর জানিয়েছিলেন, তিনি পুরো বইটি পড়েননি, বরং সাভারকর সংক্রান্ত নির্দিষ্ট কয়েকটি পৃষ্ঠা পড়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন, বইয়ে কোনো সূত্র উল্লেখ ছাড়াই সাভারকর সম্পর্কে গুরুতর অভিযোগ আনা হয়েছে। সাত্যকি স্পষ্ট করেছেন যে, আপাতত পুরো বইটির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপের আবেদন তিনি করছেন না, বরং কেবল আপত্তিকর অংশগুলোর সংশোধনী ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনাই তাঁর মূল লক্ষ্য।
বইয়ের ২০১ পৃষ্ঠায় সোনিয়া গান্ধী তৎকালীন ইন্দিরা গান্ধীর মানসিক অবস্থার প্রেক্ষাপটে সাভারকরের প্রসঙ্গ টেনেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, স্বাধীনতা সংগ্রামের সময় যখন কংগ্রেস নেতারা ব্রিটিশদের হাতে নির্যাতিত ও বন্দী হচ্ছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের শীর্ষ নেতারা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে আবেদনপত্র জমা দিতেন এবং তাঁদের অনুসারীরা ব্রিটিশদের হয়ে চরবৃত্তি করতেন। সোনিয়া আরও দাবি করেন, আরএসএস সবসময়ই হিন্দু রাষ্ট্র গঠনের পথে কংগ্রেসকে প্রধান বাধা মনে করত এবং তাদের নেতারা নিয়মিত হিটলারের গুণগান গাইতেন ও সংখ্যালঘুদের প্রতি ফ্যাসিবাদী নীতি অনুসরণ করতেন। সেই প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, আরএসএস নিয়ে তাঁর (ইন্দিরার) বিদ্বেষ ও বিতৃষ্ণার জন্ম স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই। কংগ্রেস সব সময় মনে করে এসেছে, কখনো ক্ষমতায় এলে ওদের বিভেদকামী, নিপীড়ন ও কর্তৃত্ববাদী আদর্শ দেশের একতাকে বিনষ্ট করে দেবে। ভাষণে, জনসভায়, সম্মেলনে বারবার ওদের বিষয়ে সবাইকে সতর্ক করে দিতেন। তারা ‘সংঘ পরিবার’ বা ‘আরএসএসের পরিবার’ বলে পরিচিত। বিজেপির বর্তমান নেতৃত্বও সেই আদর্শ মেনে চলেছে।’।
গ্রন্থের ৪৪৩ পৃষ্ঠায় সোনিয়া গান্ধী হিন্দুত্ববাদী আদর্শের সমালোচনা করে লিখেছেন যে, এই মতবাদ ভারত প্রধানত হিন্দুদের রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, যা সংবিধান ও সাংবিধানিক অধিকারের বিরোধী। তিনি আরএসএস, বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলোকে একই আদর্শের ধারক হিসেবে চিহ্নিত করে লিখেছেন, তারা ক্ষমতা ও সম্পদের কেন্দ্রীকরণে বিশ্বাসী এবং রক্ষণশীল পুরুষতন্ত্রের অনুসারী। গত চার দশকে তারা বিভিন্ন বৃহৎ ব্যবসায়ীর রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন পেয়ে আসছে। সেই রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য হবেন।
এ বিষয়ে এখন পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উল্লেখ্য যে, বিনায়ক দামোদর সাভারকরকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিতে বিতর্ক নতুন নয়। অতীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য নিয়েও মহারাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল, যার ফলে ‘ইন্ডিয়া’ জোটের শরিক শিব সেনার সঙ্গে কংগ্রেসের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। এই আইনি নোটিশের মাধ্যমে সাভারকর কেন্দ্রিক সেই বিতর্কিত অধ্যায়টি আবারও নতুন করে সামনে এল।
আকাশ নিউজ ডেস্ক 
























