ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে প্রায় ৫০ হাজার উদ্যোক্তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে এসএমই খাতের সামগ্রিক মান উন্নয়নে একটি আধুনিক ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।
দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই বিকাশে এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে সরকারপ্রধান বলেন, দীর্ঘ সময় চাকরির পেছনে না ছুটে তরুণদের উচিত নিজেদের দক্ষ উদ্যোক্তা ও চাকরিদাতা হিসেবে গড়ে তোলা। ক্ষুদ্র ও মাঝারি খাতের বিকাশে সরকার একটি সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করছে, যা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। এ ছাড়া দেশীয় উদ্যোক্তাদের পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে লন্ডনে ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারপ্রধান বলেন, বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরি দাতা হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার অপরিহার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আটটি ভিন্ন ক্যাটাগরিতে আটজন সফল উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন। পুরস্কৃতদের তালিকায় রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ উদ্যোক্তা, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা ক্যাটাগরির বিজয়ী উদ্যোক্তারা।
আকাশ নিউজ ডেস্ক 























