ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এড়াতে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি আরও অবনতি হলে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হবে এবং আঞ্চলিক নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দোহা।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এবং ইরান শেষ পর্যন্ত একটি সফল চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে বলে কাতার এখনো আশাবাদী। তবে বর্তমানের ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থা কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়।
মধ্যস্থতার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবারই ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কাতারি কর্মকর্তাদের। দুই দেশের মধ্যকার দূরুত্ব ও ব্যবধান কমিয়ে আনতে দোহা কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। যেকোনো ধরনের অতিরিক্ত উত্তেজনা মধ্যস্থতার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেন আল আনসারি।
তিনি আরও বলেন, উভয় দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ এখনো রয়েছে। তবে এর জন্য আলোচনার অনুকূল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। দীর্ঘমেয়াদি এই সংকট নিরসনে এবং মতপার্থক্য দূর করতে কাতার তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























