বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে এই প্রস্তাবটি অনুমোদিত হয়। এতে ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং ৩৩টি দেশ বিপক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।
মেক্সিকো কর্তৃক উত্থাপিত ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক এই প্রস্তাবের বিরোধিতা করা ৩৩টি দেশের তালিকায় ভারত, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার ও ওমানের মতো দেশগুলো রয়েছে। এছাড়াও ইরান, ইরাক, জাপান, মিসর, কুয়েত, বাহরাইন, মালদ্বীপ এবং পাকিস্তান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের সিংহভাগ দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে। অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকারিতা সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ নেই বলে মনে করে সংস্থাটি। একবিংশ শতাব্দীতে এই ধরনের শাস্তির কোনো যৌক্তিক স্থান নেই উল্লেখ করে জাতিসংঘ বিশ্বজুড়ে এটি স্থগিতের পক্ষে জোরালো আহ্বান জানিয়ে আসছে।
আকাশ নিউজ ডেস্ক 

























