পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে মঙ্গলবার দিনগত রাত পৌনে চারটার দিকে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা সিয়াম নামের এক হেলপার নিহত হয়েছেন। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
অগ্নিসংযোগের সময় ভাণ্ডারিয়া স্ট্যান্ডে বাহক ও লিসা পরিবহনের বাস দুটি দাঁড়িয়ে ছিল। আগুনের খবর পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের অন্যান্য বাসের ভেতর ঘুমিয়ে থাকা ব্যক্তিদের দ্রুত জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং থানার ওসি জগলুল হাসান। জানা গেছে, লিসা পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক পরিবহনের মালিক ঝালকাঠির বাসিন্দা অমিত পাল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























