পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কয়েকদিন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার পর পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল।
সকাল থেকেই সাভারের হেমায়েতপুর বাগবাড়ি এলাকার ‘স্টারলিং গ্রুপ’-এর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিলে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশ উদ্যোগ নিলে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে ওই এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানিয়েছেন, শুধুমাত্র স্টারলিং গ্রুপেরই শ্রমিকরা ঝামেলা করছেন, অন্য কারখানাগুলোতে উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।
একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় আশুলিয়ার খেজুর বাগান এলাকায়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দেন। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ও শ্রমিকদের শান্ত করতে খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার অনেক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় যোগ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কিছু কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে বিশৃঙ্খলা তৈরি করেন। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আর অবনতির দিকে না যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























